সারাদেশ

ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস ও ১ নম্বর সতর্কসংকেত

detaillogo
ইসলাম ও জীবন
০৮ জুন ২০২৬, ০৩:৩৯
PostImage

আর কয়েক দিন পরই শুরু হবে আষাঢ় মাস ও বর্ষাকাল। দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর বিস্তার ঘটতে শুরু করায় বৃষ্টিপাতের পরিমাণও বাড়ছে।


প্রকৃতিতে ইতোমধ্যেই মিলতে শুরু করেছে বর্ষার আগমনী বার্তা। গতকাল ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ সোমবার ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

তবে বৃষ্টিপাতের পাশাপাশি দেশের বেশিরভাগ অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।

বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ুর প্রভাব আরও বিস্তৃত হলে আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে এবং বর্ষাকাল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরিবেশ তৈরি হবে।