রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। তিনি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগ্নে মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে। পরে বিষয়টি মীমাংসার জন্য তিনি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে ঘটনাস্থলে ডাকেন।
রাত ৮টার দিকে ওই ঘটনার সালিশ বৈঠক চলাকালে কয়েকজনের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে বিল্লালকে বুকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনরা জানান, বিল্লাল হোসেন তালুকদারের বাসা মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তিনি সেখানে বালু ও সিমেন্টের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি মৃত ইউনুছ তালুকদারের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত রয়েছে। ঘটনাটি রমনা থানায় অবগত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সারাদেশ