জাতীয়

বিশ্বকাপের চেনা রেফারি দিয়েই শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২৬, ১৬:০৪
PostImage

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।


বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আর সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি আর্জেন্টিনার জন্য সুখস্মৃতির এক নাম।


শনিবার ম্যাচটির রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মার্চিনিয়াক। তাকে সহায়তা করবেন তারই স্বদেশী তমাস লিস্টকেভিচ ও আদাম কুপসিক। এছাড়া চতুর্থ ও রিজার্ভ রেফারি হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের ক্যাম্পবেল-কিল্ক কাওয়ানা-ওয়া এবং আইজ্যাক ট্রেভিস। আর্জেন্টিনার সঙ্গে মার্চিনিয়াকের সম্পর্ক বেশ স্মরণীয়। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ২০২২ ফাইনাল ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। সেই রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।


এর আগে ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ ২০১৮-এ আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচেও রেফারি ছিলেন মার্চিনিয়াক। আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে আর্জেন্টিনা একটি পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার দুটি ম্যাচ পরিচালনা করেন তিনি। একটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ, যেখানে ২-১ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা। অন্যটি ছিল ফ্রান্সের বিপক্ষে সেই ঐতিহাসিক ফাইনাল।

ফাইনালে আর্জেন্টিনার পক্ষে একটি এবং ফ্রান্সের পক্ষে দুটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন মার্চিনিয়াক। আর্জেন্টিনার হয়ে পেনাল্টি থেকে গোল করেন মেসি, আর ফ্রান্সের হয়ে দুটি পেনাল্টিই জালে পাঠান কিলিয়ান এমবাপ্পে।


কাতার বিশ্বকাপ জয়ের মধুর স্মৃতি সঙ্গে নিয়েই এবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচে আবারও রেফারির ভূমিকায় থাকছেন পরিচিত মুখ সাইমন মার্চিনিয়াক। ফলে বিশ্বকাপ অভিযানের শুরুতেই যেন পুরোনো সুখস্মৃতি ফিরে পাচ্ছে আলবিসেলেস্তেরা।

আরও পড়ুন