জাতীয়

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫
PostImage

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ সংসদে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমন্ত্রণে তিনি সেখানে যোগ দেন।

ইফতারে প্রধানমন্ত্রী ও জামায়াতের আমির শফিকুর রহমান একই টেবিলে বসেন। তাদের সঙ্গে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

ইফতারের দাওয়াতের জন্য ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, এ ইফতার মাহফিলে সবাই যেন আল্লাহর নামে শপথ নেন—আগামী দিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে। তিনি আল্লাহর কাছে দোয়া চান, যাতে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক পাওয়া যায়।

তিনি বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে মানুষ ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে।

তারেক রহমান আরও বলেন, সেই ত্যাগের বিনিময়েই আজ বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে এসেছে। এজন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের আহ্বান জানান।

এছাড়াও সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবীরা ইফতার মাহফিলে অংশ নেন।

এমআর/