জাতীয়

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, সেনাবাহিনীর ২ সদস্য নিহত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৮
PostImage

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।


চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত আরেক সেনাসদস্যকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারীর সেনা প্রশিক্ষণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সেনাসদস্য হলেন সৈনিক গানার রিফাত (নং-১০০৮২০১) ও সৈনিক অপারেটর সিদ্দিক (নং-১০০৮০৯৬)।


আহতরা হলেন ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫) ও সৈনিক জোবায়ের (ড্রাইভার)। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে।


দুই সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।


আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

আরও পড়ুন