জাতীয়

মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪১
PostImage

২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হয়েছে।


মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটলও শনাক্ত হয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।


শেখ রবিউল আলম বলেন, সেফটি অডিট কমিটির প্রতিবেদন অনুযায়ী মেট্রোরেল রুটের ৭৩০টি বিয়ারিং প্যাডের সবগুলো ক্রিটিক্যাল নয়। এর মধ্যে ১৪৭টির ত্রুটি মাইনর হিসেবে চিহ্নিত হয়েছে। ২৯৭টি প্যাডের ত্রুটি মূলত স্থাপনকাজের ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত। তিনি জানান, ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হয়েছে।


মন্ত্রী জানান, সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে। বিয়ারিং প্যাডের স্থানচ্যুতির মতো সমস্যা হতে পারে—এমন ১০টি ক্ষেত্রে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। এ ছাড়া ২৭টি বিয়ারিং প্যাডে সেটেলমেন্ট মার্কার বসানো হয়েছে। এসব ২৭টি বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। ফাটল নিরূপণে বুয়েটকে পরামর্শক নিয়োগ


৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় থাকা ক্র্যাক বা ফাটলের ঝুঁকি নিরূপণ এবং মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। এ ছাড়া স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে।



চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে যেসব বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছিল, নানা কারণে সেগুলো যথাসময়ে বাস্তবায়ন করা হয়নি।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। টানেলটিকে শুধু যোগাযোগ অবকাঠামো হিসেবে নয়, দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, পর্যটন বিকাশ এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।


মন্ত্রী জানান, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পটির নির্মাণ ও বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।


সংরক্ষিত আসনের সানজিদা ইসলামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, বর্তমানে দেশে বিআরটিসির বাস রয়েছে ১ হাজার ২৯৮টি এবং ট্রাক ৫২৫টি। এর মধ্যে সচল বাস ১ হাজার ১৭২টি ও অচল ১২৬টি। সচল ট্রাকের সংখ্যা ৪৯৪টি এবং অচল ট্রাক ৩১টি।


সংরক্ষিত আসনের শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা, বগুড়া ও চট্টগ্রাম শহরে ১৩টি রুটে ১৪টি মহিলা বাস বা ‘পিংক বাস’ সার্ভিস পরিচালিত হচ্ছে। সারা দেশে মহিলা বাস সার্ভিস সম্প্রসারণের লক্ষ্যে আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির কার্যক্রম চলমান রয়েছে।


সংরক্ষিত আসনের নিলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, বর্তমানে নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ২৭ হাজার ১৮২টি।

চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দেশে বস্ত্রের চাহিদা প্রায় ৮০০ কোটি মিটার। এর মধ্যে নীট কাপড় ৪০০ কোটি মিটার এবং ওভেন কাপড় ৪০০ কোটি মিটার।


আরও পড়ুন