বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই অনুরাগীদের কাছে বড় উৎসব। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকার এক ঝলক দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান হাজার হাজার ভক্ত। তবে এ বছর সেই চেনা আয়োজনে ছেদ পড়তে যাচ্ছে। ৬১তম জন্মদিনে অনুরাগীদের সঙ্গে বার্ষিক সাক্ষাৎ ও আলাপচারিতার অনুষ্ঠান আয়োজন করছেন না এই অভিনেতা।
জানা গেছে, শাহরুখের আগামী সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের ব্যস্ততার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করার জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারছেন না তিনি। তবে অনুরাগীদের জন্য বিকল্প কোনো আয়োজন করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তার ইঙ্গিত পাওয়া গেছে।
শাহরুখের জন্মদিন ঘিরে অনুরাগীদের উন্মাদনা নতুন কিছু নয়। ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বহু ভক্ত এদিন মুম্বাইয়ে হাজির হন। প্রিয় অভিনেতাকে একনজর দেখতে মান্নাতের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তাঁরা। ভক্তদের এই আবেগের কথা মাথায় রেখেই প্রতিবছর জন্মদিনে তাঁদের সঙ্গে দেখা করার বিশেষ আয়োজন করেন শাহরুখ।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ফ্যান ক্লাবগুলোকে জানানো হয়েছে, সিনেমার কাজের চূড়ান্ত পর্যায়ে থাকায় আগামী ২ নভেম্বর নির্ধারিত অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না।
এমনকি এবার আরও বেশি সংখ্যক অনুরাগীকে একসঙ্গে জায়গা দিতে বড় কোনো ভেন্যুতে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যস্ততার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যাচ্ছে না।
অনুরাগীদের হতাশার কথা বিবেচনায় নিয়ে শাহরুখের টিমের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে বিকল্প আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। সিনেমাটি মুক্তির আগে আরও বড় পরিসরে ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করা যায় কি না, তা নিয়ে পরবর্তী সময়ে ভাবনাচিন্তা করা হতে পারে। তবে বিকল্প কোনো অনুষ্ঠানের দিনক্ষণ এখনো নিশ্চিত করা হয়নি।