বাংলাদেশি নাগরিকরা বিশ্বের বেশ কয়েকটি দেশে সহজে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশি পাসপোর্টধারীরা কিছু দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন, আবার কিছু দেশে পৌঁছানোর পরই ভিসা নেওয়ার সুবিধা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসা ছাড়াই যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যেতে পারবেন, তা হলো: বার্বাডোস, বাহামাস, ভুটান, মাইক্রোনেশিয়া, গ্রানাডা, গাম্বিয়া, হাইতি, জামাইকা, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, ফিজি, কিরিবাতি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মাদাগাস্কার, মন্টসেরাট, নিয়ু, ভার্জিন আইল্যান্ডস, রুয়ান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ভানুয়াতু।
অপর দিকে, কিছু দেশে পৌঁছানোর পরই বাংলাদেশিরা ভিসা নিতে পারবেন। এই তালিকায় রয়েছে বলিভিয়া, বুরুন্ডি, কাবো ভার্দে, জিবুতি, গিনি-বিসাউ, কম্বোডিয়া, কোমোরোস, মৌরিতানিয়া, মোজাম্বিক, মালদ্বীপ, নেপাল, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর-লেসতে, টুভ্যালু ও সামোয়া।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু দেশ ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিতে হবে। এই সুবিধা কেনিয়া ও শ্রীলঙ্কার ক্ষেত্রে প্রযোজ্য। ভ্রমণ বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য এই ভিসা ছাড়ের সুবিধা বৈশ্বিক ভ্রমণকে আরও সহজ করবে।