নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ আগামী ৯ সেপ্টেম্বর উন্মোচন করতে পারে অ্যাপল। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রথম ভাঁজযোগ্য আইফোন এবং নতুন অ্যাপল ওয়াচ মডেলও উন্মোচনের সম্ভাবনা রয়েছে। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার ১২ সেপ্টেম্বর শনিবার রাত ১২টা থেকে শুরু হতে পারে। তবে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে এ সময়সূচি নিশ্চিত করেনি।
সাধারণত নতুন আইফোন উন্মোচনের পরের শুক্রবার থেকেই প্রি-অর্ডার শুরু করে অ্যাপল। তবে এবার ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ২০০১ সালের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী হওয়ায় প্রি-অর্ডারের সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বরের উন্মোচন অনুষ্ঠান স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হতে পারে। যুক্তরাজ্য সময় অনুযায়ী অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। এবারের অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নতুন অ্যাপল ওয়াচ মডেলও ঘোষণা করা হতে পারে।
ফোর্বস জানিয়েছে, আইফোন ১৮ প্রো সিরিজের প্রি-অর্ডার ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টায় প্যাসিফিক সময় শুরু হতে পারে। এই তথ্য প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্সের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশ করেছে ফোর্বস। ম্যাকরিউমার্স আবার জার্মান প্রকাশনা ম্যাকওয়েল্টের তথ্য উদ্ধৃত করেছে।
তবে অ্যাপলের পক্ষ থেকে এখনো প্রি-অর্ডারের নির্দিষ্ট সময় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন কবে বাজারে আসবে, তা নিয়েও বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো সিরিজের সঙ্গেই ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু হতে পারে। আবার অন্য কিছু সূত্রের দাবি, ভাঁজযোগ্য মডেলটির প্রি-অর্ডার সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হতে পারে।
নতুন আইফোনের সঙ্গে আইওএস ২৭ উন্মুক্ত করার সম্ভাবনাও রয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর নতুন অপারেটিং সিস্টেমটি প্রকাশ করতে পারে অ্যাপল। আইফোন ১১সহ বর্তমানে যেসব মডেল আইওএস ২৬ সমর্থন করে, সেসব ডিভাইসেই আইওএস ২৭ ব্যবহার করা যাবে। তবে হার্ডওয়্যারগত সীমাবদ্ধতার কারণে নতুন কিছু ফিচার শুধু নতুন প্রজন্মের আইফোনে পাওয়া যেতে পারে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স ১৮ সেপ্টেম্বর শুক্রবার থেকে বাজারে বিক্রি শুরু হতে পারে। অ্যাপলের খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে স্থানীয় সময় সকাল ৮টা থেকে নতুন আইফোন বিক্রি শুরু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটি অ্যাপলের প্রচলিত বাজারজাতকরণ সূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।