দুই মাসে টানা দুইটি ওয়ানডে সিরিজ জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ড ক্রিকেট দল-কেও ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
এই জয়ের ফলে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তবে সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ টস হেরে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর (১০৬) সেঞ্চুরি আর লিটন দাসের (৭৬) ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।
টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ৮ রানের প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটের পতন হয় ৫৪ রানে। দলীয় ৬১ রানে ফেরেন অধিনায়ক টম ল্যাথাম। দলীয় ১০৮ রানে ফিফটি হাঁকিয়ে ফেরেন ওপেনার নিক কেলি। নিয়িমিত বিরতিতে উইকেট পতনের কারণে ৪৪.৫ ওভারে ২১০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড ক্রিকেট দল।
দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ডেন ফক্সক্রফট। তিনি দলের পরাজয় নিশ্চিত জেনেও শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউটের আগে ৭২ বলে ৭টি ছক্কার সাহায্যে ৭৫ রান করেন। ৫৯ রান করেন ওপেনার নিক কেলি। তার ইনিংসটি ৮০ বলে ৬টি চার আর একটি ছক্কায় সাজানো। বাংলাদেশ দলের হয়ে ৯ ওভারে মাত্র ৪৩ রানে ৫ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট নেন নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ।
৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।