ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে মালয়েশিয়ায়। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে। সূত্র জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফরে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে সফরসংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফরের দ্বিতীয় দিন ২২ জুন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আঞ্চলিক ভূরাজনীতি এবং ভারত-চীন প্রতিযোগিতার বাস্তবতায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণে সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। এ কারণে দিল্লি কিংবা বেইজিংয়ের পরিবর্তে তৃতীয় একটি দেশকে বেছে নেওয়ার সিদ্ধান্ত গুরুত্ব পেয়েছে। জানা গেছে, নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি সফরের আমন্ত্রণ জানান। একই সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও সফরের আমন্ত্রণ পাঠান। তবে প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানায়, সফরের কর্মসূচি ও আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, কোনো প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তার সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারেরও প্রতীক। সে দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়াকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে আঞ্চলিক ভারসাম্য রক্ষার কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা খাতে সহযোগিতা আসন্ন বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে। বিশেষ করে শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিতে মালয়েশিয়া আগ্রহ দেখিয়েছে।
বর্তমানে প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়।
কূটনীতিকদের মতে, শ্রমবাজারের পাশাপাশি শিক্ষা, বিনিয়োগ ও উৎপাদনশিল্পে নতুন সুযোগ সৃষ্টির ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতীয়