তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগের সরকারের দুর্নীতি, চুরি ও অর্থপাচারের প্রভাব বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। শনিবার (৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, অতীতে আমদানিনির্ভর নীতির পরিবর্তে উৎপাদনমুখী নীতি অনুসরণ করা হলে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকোচনের পরিস্থিতি সৃষ্টি হতো না। তিনি অভিযোগ করেন, কিছু বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎ খাতকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলেও সরকারকে এখনো প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, পেট্রোল ও অকটেনের দাম সমন্বয় করা হলেও ডিজেলের দাম বাড়ানো হয়নি। কারণ গণপরিবহন ও পণ্য পরিবহনের বড় অংশ ডিজেলনির্ভর।
তিনি বলেন, “সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ কমাতে সরকার এ নীতি গ্রহণ করেছে।”
জাহেদ উর রহমান আরও জানান, যেসব গ্রাহক মাসে ৭৫ ইউনিট বা তার কম বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিদ্যুতের দাম বাড়ানো হবে না। নিম্ন আয়ের গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও নীতিগত পদক্ষেপ অব্যাহত থাকবে।