রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের চলাচলের সময় বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রোববার (৭ জুন) থেকে উভয় প্রান্তে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।
এর আগে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে শেষ ট্রেন ছেড়ে যেত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, রাতের সেবা বাড়ানোর আগে প্রায় এক মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। এর ভিত্তিতেই বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হয়েছে। এদিকে সোমবার থেকে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীরা ট্রেন ও মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে বর্ধিত ২০ মিনিট সময়ে মাত্র একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী এবং একটি ট্রেন উত্তরামুখী চলাচল করবে। ফলে এই সময়ে ট্রেনের মধ্যে প্রায় ১০ মিনিটের ব্যবধান থাকবে।
কর্তৃপক্ষ আশা করছে, নতুন সময়সূচির ফলে কর্মজীবী মানুষ ও রাতের যাত্রীদের যাতায়াতে আরও সুবিধা হবে এবং রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।