নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-য় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে কথিত মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রূপগঞ্জের জিন্দা পার্ক-এ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি।
সংবাদ সম্মেলনে মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, দাউদপুর নোয়াগাঁও এলাকার ‘ব্লু ওয়ার নেইল ইন্ডাস্ট্রি’ নামে একটি কারখানা কর্তৃপক্ষ রূপগঞ্জ থানা-য় অভিযোগ করেছে যে, গত ১৭ ফেব্রুয়ারি তার নেতৃত্বে চাঁদা দাবি করা হয় এবং চাঁদা না দেওয়ায় কারখানায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার ভাষ্য, একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তার ও তার দলের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা রটনা করছে।
তিনি আরও বলেন, রূপগঞ্জ থানার এসআই সফিউদ্দিন বিষয়টি তাকে অবহিত করলে তিনি খোঁজখবর নিতে লোকজন পাঠান। কিন্তু পরবর্তীতে তাদের নামেই চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এমআর