নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-য় চালককে জিম্মি করে তেলের ড্রামভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া ট্রাকটি উদ্ধার এবং ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার বানিয়াদী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ থানাধীন বোয়ালিয়া এলাকার সামসুদ্দিনের ছেলে সেকান্দর এবং আড়াইহাজারের গাজীপুরা এলাকার গণেন্দ্র চন্দ্র শীলের ছেলে নরচন্দ্র শীল।
রূপগঞ্জ থানা-র ওসি সবজেল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে ৬০ ড্রাম ভর্তি প্রায় ২০ লাখ টাকা মূল্যের পাম অয়েল বোঝাই একটি ট্রাক রূপসী শবনম অয়েল মিল থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়।
ট্রাকটি মিল এলাকা ত্যাগ করার পর একটি প্রাইভেটকারে করে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ট্রাকটির গতিরোধ করে। পরে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি ছিনতাই করে কাঞ্চনের দিকে নিয়ে যায়।
এ সময় কৌশলে চালক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানার এসআই নাজিমউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাতদের ধাওয়া করে। সন্ধ্যার দিকে বানিয়াদী এলাকার এলাইট জুট মিলের সামনে থেকে তেলের ড্রামভর্তি ট্রাকটি উদ্ধার করা হয়।
অভিযানের সময় সেকান্দর ও নরচন্দ্র শীলকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমআর//