চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে ছুটি বাড়ানোর চিন্তা করছে সরকার। ঈদের ছুটির আগে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সূত্র জানায়, ঈদুল ফিতরের ছুটি বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। পরবর্তী সভায় বিষয়টি আলোচনায় উঠতে পারে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী:
২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি
১৯ ও ২০ মার্চ (ঈদের আগে দুই দিন) নির্বাহী আদেশে ছুটি
২২ ও ২৩ মার্চ (ঈদের পরে দুই দিন) নির্বাহী আদেশে ছুটি
সব মিলিয়ে মোট ৫ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।
এদিকে ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি রয়েছে। ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও এ দিনটি সাধারণ ছুটি ঘোষণা করা হলে সরকারি চাকরিজীবীরা টানা ৭ দিনের ছুটি পেতে পারেন।
কেন ছুটি বাড়ানোর আলোচনা?
সংশ্লিষ্টরা মনে করছেন, ছুটি লম্বা হলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ কমবে এবং সড়ক দুর্ঘটনাও কম হতে পারে। এ কারণেই ছুটি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
১০ দিনের ছুটির হিসাব!
অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে দীর্ঘ ছুটির হিসাব কষছেন।
ঈদের ৫ দিনের ছুটির পর ২৬ মার্চ সরকারি ছুটি। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি।
যদি কেউ ২৪ ও ২৫ মার্চ (দুই কর্মদিবস) ছুটি নিতে পারেন, তাহলে টানা প্রায় ১০ দিনের ছুটি ভোগ করা সম্ভব হতে পারে।
তবে সবকিছু নির্ভর করছে আসন্ন মন্ত্রিপরিষদ সভার চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
এমআর//