সারাদেশ

রূপগঞ্জে হোটেল মালিককে পিটিয়ে ও কুপিয়ে জখম

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৩
PostImage

হোটেল মালিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে সুমন মিয়া নামে এক হোটেল মালিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল জলসিঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় বিকেলে সুমন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সুমন মিয়া জানান, তিনি পূর্বাচল উপশহরের জলসিঁড়ি এলাকায় একটি খাবারের হোটেল পরিচালনা করেন। শুক্রবার দুপুরে তার হোটেলের কর্মচারী শামীম রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়।


এ সময় বিষয়টি দেখতে পেয়ে সুমন মিয়া এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে ইজিবাইকে থাকা লোকজন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ইজিবাইকে থাকা সোহেল মিয়া, রাব্বিল, রাসেল আহমেদ, মাহবুবুরসহ অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার হোটেলে অতর্কিত হামলা চালায়।


অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সুমন মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা সুমন মিয়াকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন বলেন, ‘এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’