পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ভারতের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাননি। শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না—এ বিষয়ে তিনি স্পষ্ট অবস্থান নিয়েছেন।
এ সময় আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াতে ইসলামী দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রেরই অংশ।
সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে স্থানীয় শিশু-কিশোরদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা দেন রাশেদ খাঁন।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন এবং জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।