প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে এগিয়ে এলে কেউ তাদের ঠেকিয়ে রাখতে পারবে না। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ। বিএনসিসির সদস্য সংখ্যা ২২ হাজার। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ কোটি। এবার আপনারা বলেন, আমরা এতগুলো মানুষ যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? পারবে না।”
তিনি বলেন, এখন তরুণ সমাজের দায়িত্ব নিতে হবে কীভাবে দেশকে গড়ে তোলা যায়। দেশকে গড়ে তুলতে হবে, কারণ এ দেশেই সবাইকে থাকতে হবে।
তরুণ সমাজ পরিবর্তন আনতে পারে উল্লেখ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ সারা বিশ্বকে দেখিয়েছে, তারা চাইলে পরিবর্তন ঘটাতে পারে। পরিবর্তনের সূচনা তরুণ সমাজই করেছে। তিনি বলেন, “কাজেই আসেন, আগামী তিন মাস ডেঙ্গুর সমস্যা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু ৮০ ভাগ পারব।”
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ছড়ানোর অন্যতম কারণ হলো বিভিন্ন স্থানে ভাঙা-চোরা জিনিসপত্র ও মাটির পাত্র পড়ে থাকা। এসব স্থানে পানি জমে এডিস মশার জন্ম হয়। সবাই মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন ঘটানো সম্ভব। তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত মানুষ এবং বিভিন্ন জেলা থেকে অনলাইনে যুক্ত ব্যক্তিরা যদি টিস্যু ও পানির বোতল মাঠে ফেলে দেন, তাহলে হয়তো কেউ তাদের কিছু বলবে না। কিন্তু নিজেদের চোখে সেই দৃশ্য কেমন লাগবে, তা ভাবতে হবে।
তারেক রহমান বলেন, ময়লা-আবর্জনা জমে বড় আকার ধারণ করলে সেখান থেকে রোগজীবাণু ছড়াতে পারে। কেউ হয়তো ভাবতে পারেন, এতে তার কী হবে। কিন্তু তার আপনজন বা প্রিয়জন অসুস্থ হয়ে পড়তে পারেন। তিনি বলেন, “কাজেই আমরা নিজেকে ও পরিবারকে সুস্থ রাখি। নিজের সমাজকে সুস্থ রাখি। দেশকে সুস্থ রাখি।”
প্রধানমন্ত্রী বলেন, কাজটি খুব কঠিন নয়। আজ হয়তো কিছুটা কষ্ট হবে। কিন্তু প্রতি সপ্তাহে যদি সবাই এক ঘণ্টা করে নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মস্থল পরিষ্কার করেন, তাহলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, যারা যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন, তাদের নিরুৎসাহিত করতে হবে। সবাইকে বলতে হবে, “যেখানে-সেখানে ময়লা করবেন না।” তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ২০২৪ সালে তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে কীভাবে দেশকে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে। এবার তরুণ সমাজকে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে।