সারাদেশ

কুমিল্লা'য় অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ জনকে আটক, তদন্তে পুলিশ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৪
PostImage

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।


কুমিল্লায় নিখোঁজের পর অপ্রতিম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।


আটক ব্যক্তিরা হলেন—তুহিন, আনাস ও ফাহিম। কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন অপ্রতিম।


পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


প্রযুক্তিগত তদন্তে নিখোঁজ অপ্রতিমের ব্যবহৃত মুঠোফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী সামাজিক বনায়ন এলাকায়। এই তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন। একপর্যায়ে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি পাহাড়ি টিলায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


ঘটনার পর পুলিশ প্রথমে সন্দেহভাজন হিসেবে তুহিনকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিমকে আটক করা হয়।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া জানান, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।