সারাদেশ

১২ এপিবিএনের অভিযানে উদ্ধার ৩১৬ হারানো মোবাইল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮
PostImage

১৪ হাজারের বেশি জিডি তদন্ত, আগস্টে উদ্ধার ১০৩ ফোন


হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে এখন পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ৩১৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

১২ এপিবিএনের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হারানো মোবাইল ফোন উদ্ধারে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানায় দায়ের করা জিডির তথ্য সংগ্রহ করে কাজ করছে ১২ এপিবিএনের সাইবার টিম। পাশাপাশি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত ব্যক্তিদের মাধ্যমে দেশের বিভিন্ন থানা থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২২ মাসে প্রায় ১৪ হাজার ২২টি জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৩১৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গত ২১ মাস ধরে এ কার্যক্রম পরিচালনা করে আসছে ১২ এপিবিএন। এর মধ্যে গত আগস্ট মাসে সর্বোচ্চ ১০৩টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। জিডিতে মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর উল্লেখ করতে বলা হয়েছে। মোবাইল ফোনের মোড়ক বা বক্সের ওপর থাকা ১৫ সংখ্যার আইএমইআই নম্বর সংরক্ষণ করার পরামর্শও দেওয়া হয়।

১২ এপিবিএনের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০-১৯৪০১৮ অথবা ০১৩২০-১৯৪০০৩-এ হারানো মোবাইল ফোনের জিডির কপি পাঠানো যাবে। এছাড়া ১২ এপিবিএনের ফেসবুক পেজের ইনবক্সেও জিডির কপি পাঠালে সাইবার টিম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।