সারাদেশ

আশুলিয়ায় চলন্ত কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন: পুড়ে ছাই মালামাল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ০৪:২৬
PostImage

সাভারের আশুলিয়ায় চলন্ত অবস্থায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


সাভারের আশুলিয়ায় চলন্ত অবস্থায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গাড়িতে থাকা গ্রাহকদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


গভীর রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গাড়িটি কেরানীগঞ্জ থেকে গ্রাহকদের মোটরসাইকেল, চাল-ডাল ও বইসহ বিভিন্ন পণ্য নিয়ে চন্দ্রার উদ্দেশ্যে যাচ্ছিল।

গাড়ির চালক জানান, বাইপাইল এলাকা পার হওয়ার সময় স্থানীয়রা গাড়িতে আগুন দেখে তাকে চিৎকার করে থামতে বলেন। চালক গাড়ি থামিয়ে কার্গোর দরজা খোলার সাথে সাথেই আগুনের লেলিহান শিখা বের হয়ে আসে এবং দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গাড়িটিতে থাকা অধিকাংশ মালামাল ততক্ষণে পুড়ে নষ্ট হয়ে গেছে।

প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমআর//