ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়–এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত হওয়ার সুনির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে জানায়নি মন্ত্রণালয়।
ধারণা করা হচ্ছে, অনেকেই সরাসরি ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিংবা লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়ির কারণেও কিছু মানুষ আহত হয়েছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম X–এ দেওয়া এক পোস্টে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৮১ জন এখনও চিকিৎসাধীন।
এদিকে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু–কে হত্যার অঙ্গীকার করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি–র প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির বিবৃতিতে নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়েছে। বাহিনীটির সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানিয়েছে, “যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন, তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে তাড়া করে হত্যা করব।”