নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন ব্যক্তি। সকাল ১০টার দিকে তারা আবারও চাঁদা দাবি করলে স্থানীয়রা বাধা দেন। এ সময় হামলাকারীরা হুমকি দিয়ে সরে যায়।
এর জেরে বিকেল ৫টার দিকে ফেরদৌস বাড়ী, কাউছার বাড়ী, ইস্রাফিল, রিয়াদ, রুবেল ভূইয়া, কাউছার ভূইয়া, ফয়সাল মিয়া ও শিপন মিয়াসহ ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এলাকায় হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলাকারীরা স্থানীয় বিএনপি কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু-এর ছবি ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। পরে তারা মো. লুতফর রহমান ভূইয়ার দোকানেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এ সময় বাধা দিতে গেলে লুতফর রহমান (৫০), সাখাওয়াত হোসেন ভূইয়া (৫৬), শাহাদাত হোসেন (৪৮), মাহবুব হাসান ভূইয়া (৫৭) ও জাকারিয়া ভূইয়া (৪৩) আহত হন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ক্লাব ও দোকান ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। একই ঘটনায় আশপাশের আরও কয়েকটি বাড়িতেও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ছাত্রদল নেতা মো. দোলন ভূইয়া হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।