লাইফস্টাইল

বেশি পানি খেলেই কি ত্বক উজ্জ্বল হয়? আসল সত্য কী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৬, ১২:৪১
PostImage

উজ্জ্বল ও পরিষ্কার ত্বকের জন্য বেশি পানি পান করা জরুরি—এমন ধারণা বহুদিন ধরেই প্রচলিত। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়।


অনেকের ধারণা, বেশি পানি খেলেই ত্বক ভালো হয়ে যায়। কিন্তু বাস্তবে শরীরের পানির চাহিদা পূরণ হয়ে গেলে অতিরিক্ত পানি ত্বকে কাজে না লেগে কিডনির মাধ্যমে প্রস্রাব হিসেবে বের হয়ে যায়। ফলে অতিরিক্ত পানি পান করলে ত্বকের চেয়ে প্রস্রাবই বেশি স্বচ্ছ হয়।

বিশেষজ্ঞদের মতে, শরীর নিজেই প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করে। তাই শরীরে পর্যাপ্ত পানি থাকলে বাড়তি পানি ত্বকের উন্নতিতে তেমন ভূমিকা রাখে না।

২০১৮ সালে জার্মানির বার্লিনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, যাদের শরীরে আগে থেকেই পর্যাপ্ত পানি রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত পানি পান ত্বকের উন্নতিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলে না। একইভাবে ২০২৪ সালের এক গবেষণায় দেখা যায়, শুধু বেশি পানি পান করার চেয়ে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার ত্বকের জন্য বেশি কার্যকর।

বিশেষজ্ঞরা আরও জানান, ত্বকের সুস্থতায় খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতিরিক্ত চিনি ব্রণের ঝুঁকি বাড়ায়, আর স্কিম দুধ হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলে ত্বকের তেলগ্রন্থিকে সক্রিয় করতে পারে। এতে লোমকূপ বন্ধ হয়ে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।


এর পরিবর্তে স্বাস্থ্যকর চর্বি, যেমন স্যামন মাছ, ভিটামিন এ ও সি, জিঙ্কসমৃদ্ধ খাবার এবং নিয়মিত সানস্ক্রিন ব্যবহার ত্বকের জন্য বেশি উপকারী।

তবে শরীরে পানির ঘাটতি থাকলে অবশ্যই পর্যাপ্ত পানি পান করা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের যত্নে পানি ও পুষ্টি—দুটোই সমান গুরুত্বপূর্ণ। একটির ঘাটতি থাকলে অন্যটি দিয়ে পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়।