স্বাস্থ্যসচেতন মানুষের কাছে লেবু–পানি একটি জনপ্রিয় পানীয়। তবে দিনের সব সময় লেবু–পানি খেলে একই ধরনের উপকার পাওয়া যায় না। কখন পান করছেন, তার ওপর নির্ভর করে এর কার্যকারিতা পরিবর্তিত হতে পারে।
খাওয়ার আগে লেবু–পানি
খাবারের আগে এক গ্লাস লেবু–পানি পান করলে তা হজমের জন্য পাকস্থলীকে প্রস্তুত করতে সাহায্য করে। লেবুর প্রাকৃতিক অম্লতা হজম প্রক্রিয়া সক্রিয় করে এবং খাবারের পুষ্টি উপাদান শোষণে সহায়তা করে।
এছাড়া খাবারের আগে লেবু–পানি পান করলে ক্ষুধা কিছুটা নিয়ন্ত্রণে থাকে, ফলে অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে এবং ক্যালরি গ্রহণও সীমিত থাকে।
খাওয়ার পরে লেবু–পানি
লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজম প্রক্রিয়াকে সহজ করে। ভারী বা তৈলাক্ত খাবার খাওয়ার পর লেবু–পানি পান করলে অস্বস্তি, গ্যাস বা বদহজমের সমস্যা কমতে পারে।
এটি পাকস্থলীর পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং শরীরের পানিশূন্যতা দূর করতেও কার্যকর। বিশেষ করে কুসুম গরম পানিতে লেবু মিশিয়ে পান করলে শরীর দ্রুত সতেজ হয়।
কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা
- লেবু–পানি খাওয়ার নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক সময় নেই।
- নিজের শরীরের প্রয়োজন ও জীবনযাপনের সঙ্গে মিলিয়ে সময় নির্বাচন করতে পারেন।
- একেবারে খালি পেটে লেবু–পানি পান না করাই ভালো, কারণ এর অম্লতা কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস্ট্রিক বা অস্বস্তি সৃষ্টি করতে পারে।
- লেবু–পানি পান করার পর কুলকুচি করে নেওয়া উচিত, যাতে দাঁতের এনামেলের ক্ষতি না হয়।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকলে নিয়মিত লেবু–পানি পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
হজমে সহায়তা ও ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য খাবারের আগে, আর হজম সহজ করা ও শরীরকে হাইড্রেটেড রাখতে খাবারের পরে লেবু–পানি পান করা উপকারী হতে পারে। তবে পরিমিত পরিমাণে পান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।