জাতীয় সংসদের কেনাকাটায় অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে আসার পর এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন-কে। সদস্য হিসেবে রয়েছেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম, হুমাম কাদের চৌধুরী ও মো. আবুল হাসনাত।
কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সংসদ সচিবালয়ের বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ক্রয়ে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ উঠে। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বাজারমূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে ক্যামেরা ও ব্যাগ কেনা হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।