জাতীয়

জ্বালানি সংকট সমাধানে সরকার-বিরোধী যৌথ কমিটির প্রস্তাব

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১২:৪০
PostImage

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি ‘জ্বালানিবিষয়ক’ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি ‘জ্বালানিবিষয়ক’ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই প্রস্তাব দেন এবং জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করতে বিরোধী দলকে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত কমিটিতে সরকার ও বিরোধী দল থেকে সমানসংখ্যক পাঁচজন করে সদস্য থাকবে। কমিটির প্রধান হিসেবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-কে রাখার প্রস্তাব করা হয়েছে।


সংসদে তিনি বলেন, “এটি একটি বৈশ্বিক সমস্যা, যার প্রভাব সারা বিশ্বেই পড়েছে। তবে দেশের মানুষের স্বার্থে আমরা যে কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।” তিনি আরও জানান, বিরোধী দলের পরামর্শ ও প্রস্তাব এই কমিটির মাধ্যমে সরকারের কাছে আসবে এবং বাস্তবসম্মত হলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাবিত পাঁচ সদস্য হলেন— ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।


এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সরকারকে যৌথভাবে সমাধান খোঁজার আহ্বান জানান। তিনি বলেন, বিরোধী দলের কাছেও কিছু প্রস্তাব রয়েছে, যা নিয়ে একসঙ্গে কাজ করা যেতে পারে। প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে শফিকুর রহমান বলেন, বিষয়টি ইতিবাচকভাবে নেওয়া হয়েছে এবং দ্রুতই বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম দেওয়া হবে। উল্লেখ্য, জ্বালানি তেল, গ্যাস সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে কয়েকদিন ধরেই জাতীয় সংসদে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষিতে সরকার এই যৌথ কমিটি গঠনের উদ্যোগ নেয়।