প্রতারণার মামলায় চিত্রনায়িকা পূজা চেরি-র বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৫ এপ্রিল) আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তারের বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী মিজানুর রহমান। এর প্রেক্ষিতে গত ১৮ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের স্টেটমেন্ট যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিনেমা প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ভুক্তভোগী ও তার বন্ধুর কাছ থেকে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন দেবু প্রসাদ রায়। পরে একই উদ্দেশ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর মাধ্যমে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে অতিরিক্ত ৬ কোটি টাকা গ্রহণ করেন।
এছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।