জাতীয়

বন্ধ কলকারখানা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৬, ১২:১২
PostImage

বিগত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিগত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন-এ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 


প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং শ্রমিকদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তব্যে তারেক রহমান বলেন, অতীতের শাসনামলে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছিল এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, সেই সময় অর্থনীতিকে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল।

গ্রামীণ উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং তারা অনেক ক্ষেত্রে সঠিক সময়ে পানি পায় না। এ সমস্যা সমাধানে খাল খননের কাজ শুরু হয়েছে। কৃষক ও শ্রমিকদের উন্নয়ন ঘটাতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।


হকারদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থাও নিশ্চিত করা হবে। এছাড়া রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ৩১ দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কাজ চলছে। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র নেতারা, যারা শ্রমিক অধিকার ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।