সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দর থেকে বাসযোগে শহরের উদ্দেশে রওনা হন তিনি এবং সরাসরি মাজারে গিয়ে জিয়ারত করেন।
এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আকাশপথে সিলেটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, মাজার জিয়ারত শেষে সুরমা নদীর তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণে স্লুইসগেট স্থাপন ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।
এদিন বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।
জাতীয়