হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করা হয়েছে। এর ফলে এখন থেকে একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।রোববার (১৭ মে) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন আফরোজা খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করতে কাজ করছে। বিমানবন্দরের যাত্রীদের জন্য এই ডিজিটাল সেবা সেই উদ্যোগেরই অংশ। তিনি আরও জানান, দ্রুতই বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের আশা করছে সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত, ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
বিমানবন্দর সূত্র জানায়, প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত থাকবে। এর আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালসহ কার পার্কিং এলাকা।
এই সেবার জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো স্থাপন করা হয়েছে। এতে রয়েছে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ। প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে ইন্টারনেট সুবিধা দিতে পারবে। সে হিসাবে একই সময়ে প্রায় ৩৭ হাজার ৫০০ জন ব্যবহারকারী সংযুক্ত হতে পারবেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতা নিয়ে পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, এই ফ্রি ওয়াই-ফাই সেবার পরীক্ষামূলক কার্যক্রম গত ২৬ এপ্রিল শুরু হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার যাত্রী এই সেবা ব্যবহার করেছেন এবং মোট প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে।