দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কাতারে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বৃদ্ধি, প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান, নিরাপত্তা ও সার্বিক কল্যাণের বিষয় গুরুত্ব পায়। এর আগে রোববার বিকেলে দুই দিনের বিশেষ রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান কাতারের শ্রমমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সরকারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সন্ধ্যায় যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন। আলোচনায় কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।