কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুতে বাংলাদেশে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কায়সার হামিদ বলেন, মেয়েকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা জানান, চিকিৎসায় কিছু ভুল এবং দেরি হয়েছিল। এ সময় তিনি এভারকেয়ার হাসপাতাল-এর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগও তোলেন।
তিনি বলেন, “এখানে দুইটা ভুল ছিল। প্রথমত ভুল চিকিৎসা হয়েছে। কারিনার লিভার ড্যামেজ ও হেপাটাইটিসের অবস্থা যে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, তা সময়মতো জানানো হয়নি। আগে জানলে দ্রুত লিভার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা যেত।” তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টের পূর্ণাঙ্গ ব্যবস্থা নেই—এ বিষয়টিও পরিবারকে শুরুতেই জানানো হয়নি। তার ভাষায়, চিকিৎসকরা যদি বিষয়টি আগে স্পষ্ট করতেন, তাহলে কারিনাকে আরও আগে ভারতে নেওয়া সম্ভব হতো।
কায়সার হামিদ বলেন, “প্রাথমিক চিকিৎসার মতো করে দিন পার করা হয়েছে। পরে সংক্রমণ দেখা দিলে তাকে ভারতে নেওয়া হয়।”তিনি জানান, বড় ছেলে বিদেশ থেকে দেশে ফেরার পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। লিভারজনিত জটিলতায় আক্রান্ত হওয়ার পর প্রথমে ঢাকায় লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।