ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে ভারত সরকার। একই নিয়ম এখন থেকে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মঙ্গলবার (১৯ মে) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব বিধিমালা ২০০৯-এ সংশোধনী এনে এ সংক্রান্ত একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার সময় আবেদনকারীকে নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে ঘোষণা দিতে হবে। বৈধ অথবা মেয়াদোত্তীর্ণ— যেকোনো ধরনের পাসপোর্ট থাকলেও তার তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর কাছে যদি সক্রিয় পাসপোর্ট থাকে, তাহলে পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ, ইস্যুর স্থান এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এ ছাড়া নাগরিকত্বের আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে তার বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জমা দেওয়ার ঘোষণা দিতে হবে।
সংশোধিত বিধিমালার নতুন ধারায় আরও বলা হয়েছে, আবেদনকারীর কাছে বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান সরকারের ইস্যুকৃত কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা যাবে না।
এই নতুন নিয়ম কার্যকরের মাধ্যমে নাগরিকত্ব প্রক্রিয়ায় আরও কঠোরতা আরোপ করল ভারত সরকার।