বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়–এ ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস–এর সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং নতুন সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে। যদিও প্রজ্ঞাপনটি মঙ্গলবার জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা ভূতাপেক্ষভাবে ১০ এপ্রিল থেকে দেখানো হয়েছে।
এদিকে পৃথক এক অফিস আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে কর্মকর্তাদের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে এবং তাদের যোগদানপত্রও ১০ এপ্রিল থেকে কার্যকর হিসেবে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়। এর আগে ২০২৫ সালের ১১ ডিসেম্বর ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।