জাতীয়

৫৯৯ টাকা বাড়ানোর পর ১২ কেজি এলপিজির সিলিন্ডার কমলো ৫৫ টাকা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২৬, ১৪:২৫
PostImage

চলতি জুন মাসের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


চলতি জুন মাসের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৮৮৫ টাকায়। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।


বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের এলপিজির দাম প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা।

এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৬ টাকা ৯৩ পয়সা, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম প্রতি কেজি ১৫৩ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়েছে।


বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত কন্ট্রাক্ট প্রাইস (সিপি), আমদানি ব্যয়, জাহাজভাড়া, ট্রেডার প্রিমিয়াম এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। জুন মাসে প্রোপেনের সিপি প্রতি টন ৭৬০ ডলার এবং বিউটেনের সিপি ৮২০ ডলার নির্ধারণ করা হয়েছে।

কমিশন সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।