বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি মোট ১০৯ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।
জাতিসংঘের কার্যবিধির ৩০ নম্বর ধারা অনুযায়ী অনুষ্ঠিত এ নির্বাচনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রার্থী হিসেবে বাংলাদেশের ড. খলিলুর রহমান এবং সাইপ্রাস-এর রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস কাকুরিস প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নীতির আওতায় এবার সাধারণ পরিষদের সভাপতি এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত হওয়ার কথা ছিল। সেই প্রক্রিয়াতেই বাংলাদেশের প্রার্থী জয়লাভ করেন।
এর আগে বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে এই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছিল, যখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রায় চার দশক পর বাংলাদেশ আবারও এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলো।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর শুরু হবে। আর উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি প্রতি বছর পরিবর্তিত হয় এবং পাঁচটি আঞ্চলিক গোষ্ঠী—আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে আবর্তিত হয়। সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলো সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করে, যেখানে প্রতিটি দেশের একটি করে ভোট থাকে।
উল্লেখ্য, গত বছর অ্যানালেনা বেয়ারবক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।