সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ কমাতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল করা হয়েছে, যা সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করবে।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দিয়েছিলেন যে, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে। বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল-ফেজ মিটারের জন্য ৪০ টাকা মিটার ভাড়া আদায় করা হয়। এসব চার্জের ওপর অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত ছিল।
দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।