সারাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, আদালতে হাজির দুই আসামি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২৬, ০৪:২৬
PostImage

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় আজ


রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় আজ (রোববার) ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করতে পারেন।


সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ৮টা ৫০ মিনিটে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। একই মামলার অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে সকাল সাড়ে ৮টার দিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার আগে দুজনকেই হাজতখানায় রাখা হয়েছে।


এর আগে গত বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করেন। গত ১৯ মে সকালে পল্লবীর সেকশন-১১ এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির দুই হাতও আংশিক বিচ্ছিন্ন অবস্থায় ছিল। পরে একটি বালতির ভেতর থেকে তার কাটা মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন ২০ মে শিশুটির বাবা পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একই দিন আদালতে দেওয়া জবানবন্দিতে প্রধান আসামি সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন।

২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরদিন থেকেই সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং গত মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বিচার শুরুর মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যেই এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে, যা সাম্প্রতিক সময়ে দ্রুততম বিচার প্রক্রিয়াগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।