আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

detaillogo
ডেস্ক নিউজ
০৮ জুন ২০২৬, ০৪:৫৮
PostImage

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে।


মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। ইসরাইলের নতুন হামলা এবং ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবরে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

সোমবার (৮ জুন) আন্তর্জাতিক বাজারে উত্তর সাগরের অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২০ ডলার বা ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৮৭ ডলার বা ৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।


গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দাম কিছুটা কমেছিল। তবে চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। সোমবার ভোরে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ স্বাভাবিক থাকবে কি না, তা নিয়েও উদ্বেগ বেড়েছে।


এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বৃহত্তর সংঘাত এড়াতে এখনো একটি সমঝোতার সুযোগ রয়েছে। তিনি জানিয়েছেন, ইসরাইলের প্রধানমন্ত্রীকে নতুন করে সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে ইরান। এর আগে ইরান-সমর্থিত হিজবুল্লাহর হামলার পর ইসরাইল লেবাননে সামরিক অভিযান শুরু করেছিল। পরে আলোচনার মাধ্যমে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সরবরাহ সংকট মোকাবিলায় তেল উৎপাদনকারী দেশগুলোর জোট টানা চতুর্থবারের মতো উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে কোনো ধরনের অচলাবস্থা সৃষ্টি হলে উৎপাদন বৃদ্ধির সুফল খুব বেশি পাওয়া যাবে না।


জ্বালানি বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা আরও বাড়তে পারে।