আন্তর্জাতিক

মহররমের পর খামেনির দাফন, প্রস্তুতি নিচ্ছে ইরান

detaillogo
ডেস্ক নিউজ
০৯ জুন ২০২৬, ১৬:০২
PostImage

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র জানাজা ও দাফনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে ইরান।


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র জানাজা ও দাফনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।


মঙ্গলবার (৯ জুন) খামেনির স্মরণসভা আয়োজনের জন্য গঠিত কমিটি এক বিবৃতিতে এ তথ্য জানায়। ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, কমিটির সদর দপ্তর খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা এবং স্মরণসভা নিয়ে দ্বিতীয় আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, সাবেক সর্বোচ্চ নেতার স্মরণ, জানাজা ও দাফন অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি গণমাধ্যমে অনুষ্ঠান নিয়ে প্রচারিত বিভিন্ন যাচাইবিহীন তথ্য ও জল্পনার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে।


কমিটির ভাষ্য অনুযায়ী, ইমাম হুসাইন (আ.)-এর শোকানুষ্ঠানের প্রতি খামেনির দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতি সম্মান জানিয়ে আশুরার পর, অর্থাৎ মহররমের প্রথম দশ দিন শেষ হলে দাফন ও জানাজার আয়োজন করা হবে।
এদিকে, শোকাহতদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সংগঠন সময়সূচি ও লজিস্টিক ব্যবস্থাপনা চূড়ান্ত করছে। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে মহসেন মাহমুদ বলেছিলেন, খামেনির জানাজা একটি বৈশ্বিক আয়োজন হবে, যা ইরান ও মুসলিম বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইতোমধ্যে ইরাকসহ বিভিন্ন দেশ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে।


উল্লেখ্য, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-র মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রায় ৩৬ বছর ৬ মাস এ পদে দায়িত্ব পালন করেন।