জাতীয়

আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিজিবি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৬, ১৩:০৮
PostImage

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কথিত পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


বুধবার ভোর রাতে আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখা (নোম্যানস ল্যান্ড) এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুই বাহিনীর মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। ফলে এক বৃদ্ধ এখনো সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পতাকা বৈঠকের সময় এক বিএসএফ সদস্য গুলির প্রসঙ্গ তুললে বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। বিজিবির এক কর্মকর্তা বলেন, “আপনি গুলি করলে আমরা কি বসে থাকব? আমাদের কাছেও গুলি আছে। কেন গুলির কথা বললেন?”


স্থানীয় সূত্র জানায়, ভোরের অন্ধকারে উপজেলার রামরামপুর সীমান্তের আন্তর্জাতিক ১০৮২ নম্বর পিলারের কাছে সাতজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলেন।

প্রতিরোধের মুখে ছয়জন ভারতের অভ্যন্তরে ফিরে গেলেও এক বৃদ্ধ শূন্য রেখায় আটকে পড়েন। পরে তাকে নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হলেও উভয় পক্ষই ওই ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে স্বীকার করেনি বলে জানা গেছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও বিএসএফ ওই বৃদ্ধকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। ফলে তিনি এখনো সীমান্তের নোম্যানস ল্যান্ডে অবস্থান করছেন।

এ বিষয়ে হাসানুর রহমান বলেন, “বিএসএফ একজনকে পুশইনের চেষ্টা করেছিল। আমরা তাকে ফেরত পাঠিয়েছি। লোকটি এখনো শূন্য রেখায় রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।