নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন-প্রবীণদের মিলনমেলা। দিনব্যাপী আয়োজনে আনন্দ-উল্লাস, স্মৃতিচারণ, গান, আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১২৫ বছরের ইতিহাসে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অসংখ্য মেধাবী, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ গড়ে উঠেছেন, যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। বিদ্যালয়টির প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে জড়িত সকল গুণী ব্যক্তির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাসান আলী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম, ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার জিয়াউদ্দিন বশির, ভুলতা অ্যাপোলো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সাদিকুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আলমগীর হোসেন ভুঁইয়া, এফবিসিসিআইয়ের সদস্য গণেশ চন্দ্র সাহা, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি আলহাজ মোজাম্মেল হক ভুঁইয়া, ব্যবসায়ী পারভিন আক্তার ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহজাদা ভুঁইয়া, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা এবং সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চক্রবর্তী।
এছাড়া আয়োজক কমিটির কর্মকর্তা আল-আমিন সরকার, মনির হোসেন ও এস কে মাহমুদ জেসপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্যান্ড শো অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের ১২৫ বছরের গৌরবময় পথচলাকে স্মরণ করেন অংশগ্রহণকারীরা।