সারাদেশ

রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে কোটি টাকার মালামাল লুট

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২৬, ১৩:৪৩
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রিন্টিং ও প্যাকেজিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রিন্টিং ও প্যাকেজিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কারখানায় প্রবেশ করে শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার ইউনিট-২-এ ঘটনা ঘটে।


কারখানার অ্যাকাউন্টস ম্যানেজার নাঈমুর রহমান হৃদয় জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি ট্রাকে করে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল কারখানার প্রধান ফটকে আসে। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তারক্ষীকে বিভ্রান্ত করে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে ডাকাতরা কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা অফিস কক্ষের আলমারি ভেঙে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ২২ লাখ টাকা নিয়ে যায়। এছাড়া কারখানার বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে।


কারখানা কর্তৃপক্ষের দাবি, নগদ অর্থ ও লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় এক কোটি টাকা। ডাকাতরা প্রায় ছয় ঘণ্টা কারখানার ভেতরে অবস্থান করে রাত ১২টার দিকে ট্রাকযোগে ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।