জাতীয়

বাঙালিত্বের জন্য কারও সনদ নেওয়ার প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২৬, ১৬:৫৫
PostImage

৫৬ হাজার বর্গমাইলের কোনো বাঙালিকে নিজের বাঙালিত্ব প্রমাণের জন্য সীমান্তের ওপারে গিয়ে কলকাতা বা অন্য কারও কাছ থেকে সনদ নিতে হবে না


৫৬ হাজার বর্গমাইলের কোনো বাঙালিকে নিজের বাঙালিত্ব প্রমাণের জন্য সীমান্তের ওপারে গিয়ে কলকাতা বা অন্য কারও কাছ থেকে সনদ নিতে হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ পুনর্গঠনে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে ‘আমরা বাংলাদেশি’ নামের একটি সংগঠন।


তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে সীমান্তের বাইরে বাংলাভাষী জনগোষ্ঠীর ভাষাগত মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে মৌলিক পার্থক্য রয়েছে। যারা এই পার্থক্যকে আড়াল করতে চান, তারা হয় বিষয়টি বুঝতে ব্যর্থ হচ্ছেন, নয়তো তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস, নৃতাত্ত্বিক বিবর্তন, ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে একটি স্বতন্ত্র পরিচয় গড়ে উঠেছে। এই স্বকীয় পরিচয়ের নামই বাংলাদেশি জাতীয়তাবাদ।


জহির উদ্দিন স্বপন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের এই স্বতন্ত্র জাতীয় পরিচয়কে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। এর মাধ্যমে দেশের মানুষের ভাষাগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বৈশিষ্ট্য নতুনভাবে স্বীকৃতি পেয়েছে। আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ ও ভারতের জনগোষ্ঠীকে একসঙ্গে বিবেচনা করার ধারণা বাস্তবসম্মত নয়। দক্ষিণ এশিয়ার বৃহত্তর স্বার্থে সার্কভুক্ত প্রায় ২২০ কোটি মানুষের ঐক্যই হওয়া উচিত অগ্রাধিকার।


তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় আঞ্চলিক ক্ষেত্রে সার্ক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘকে গুরুত্ব দিতে হবে। এর বাইরে অন্য কোনো কাঠামোর ব্যাখ্যা সামনে এলে তা সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মূল উদ্যোক্তা সৈয়দ এহসানুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তমিজ উদ্দিন টিটু। এতে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রাশেদ খান ও মোমিনুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন