লিওনেল মেসির চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরের দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শুরুতে দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে না পারলেও এখন পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরেছেন তিনি। রোববার দলের সঙ্গে পূর্ণোদ্যমে অনুশীলন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া মেসি আর্জেন্টিনার হয়ে আইসল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোলও করেন। ম্যাচ শেষে তিনি জানান, শারীরিকভাবে ভালো অনুভব করছেন এবং কোনো ধরনের সমস্যা নেই। সাম্প্রতিক অনুশীলনেও তার ফিটনেস নিয়ে কোনো শঙ্কা দেখা যায়নি।
এদিকে ২০২৬ বিশ্বকাপে খেলতে প্রস্তুত হচ্ছেন মেসি। এটি হবে তার ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিশ্বকাপ যাত্রার স্মৃতি তুলে ধরে তিনি লিখেছেন, ‘২০০৬,২০২৬’। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলার পর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে অংশ নিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন এই তারকা।
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য শিরোপা ধরে রাখা। অভিজ্ঞ মেসির নেতৃত্বেই সেই মিশনে নামবে দলটি। সমর্থকরাও আশা করছেন, শেষ বিশ্বকাপে আরেকবার জাদু দেখাবেন আর্জেন্টাইন মহাতারকা।