বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাজধানীর শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। রোববার (১৪ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধা বিবেচনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর শপিংমল, মার্কেট ও দোকানপাট নির্ধারিত সময়ের মধ্যে পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। ডিএসসিসি সতর্ক করে জানিয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের চাপের কারণে সরকার বিদ্যুৎ সাশ্রয়মূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে আগে শপিংমল ও দোকানপাটের কার্যক্রম সন্ধ্যা ৬টা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছিল। পরে তা ধাপে ধাপে সন্ধ্যা ৭টা ও রাত ৮টা পর্যন্ত বাড়ানো হয়।
ঈদ উপলক্ষে কিছু সময়ের জন্য বিধিনিষেধ শিথিল করা হলেও বর্তমানে নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাত ৯টার মধ্যে সব শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করতে হবে। সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে এই সময়সীমা পুনর্বিবেচনা করা হতে পারে।