নারায়ণগঞ্জের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং অনুপস্থিত থাকা সত্ত্বেও হাজিরা খাতায় আগেই স্বাক্ষর দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় অবস্থিত তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে দুটি সার্কেল অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী। তবে হাজিরা খাতায় অনুপস্থিত থাকা অনেক কর্মকর্তা-কর্মচারীর স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল বলে জানান তিনি।
এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সবাইকে সময়মতো অফিসে উপস্থিত থেকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি দপ্তরে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ নজর দিতে হবে।
পরিদর্শনের সময় অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন তিনি। কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে জানিয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেই সমস্যার সমাধান হবে না উল্লেখ করে তিনি বলেন, সরকারি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তনও জরুরি। জনগণের সেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন ভূমি প্রতিমন্ত্রী।
সারাদেশ