রাজনীতি

ঢাকার দুই সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৩
PostImage

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটোয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।


ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটোয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।


রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন। এদিন বিকেলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।


সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, জুলাই শহীদ ও আহত পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারির নির্দেশনা দেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।